প্রকৃতি ও পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা খাগড়াছড়িতে ভিড় করেন। তবে খাগড়াছড়ি পৌর শহরে প্রবেশ করলেই দেখা যায় সড়কের পাশে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিশাল সব বিজ্ঞাপনের বিলবোর্ড। এই বিলবোর্ডগুলোর কারণে একদিকে যেমন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আড়ালে চলে যাচ্ছে, অন্যদিকে বৈদ্যুতিক তারের খুব কাছাকাছি এসব বিলবোর্ড বসানোর ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন রাস্তা, মোড় এবং জনাকীর্ণ এলাকায় ছোট-বড় অসংখ্য বিলবোর্ড বসানো হয়েছে। এর মধ্যে অনেকগুলো বিলবোর্ড বৈদ্যুতিক তারের অত্যন্ত নিকটবর্তী অবস্থানে রয়েছে। পথচারীদের আশঙ্কা, প্রবল ঝড় বা বৃষ্টির সময় এই বিলবোর্ডগুলো ভেঙে পড়লে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তাদের অভিযোগ, পাহাড়ের সৌন্দর্য দেখার আশায় তারা এখানে আসেন, কিন্তু শহরে ঢোকার পর কেবল বিজ্ঞাপন আর বিলবোর্ডের ভিড় চোখে পড়ে, যা শহরের স্বাভাবিক রূপকে ঢেকে দিচ্ছে।
যশোর জেলা থেকে আসা পর্যটক মো. ইব্রাহীক তৌসিফ বলেন, “খাগড়াছড়িতে এসেছি পাহাড়, প্রকৃতি ও সবুজের সৌন্দর্য দেখতে। কিন্তু শহরে প্রবেশের পর যেভাবে রাস্তার পাশে অসংখ্য বিলবোর্ড চোখে পড়ে, তাতে শহরের সৌন্দর্য উপভোগ করা কঠিন হয়ে যায়। পরিকল্পিতভাবে বিলবোর্ড স্থাপন করা উচিত।”
অন্যদিকে, খুলনা থেকে আসা পর্যটক সাদিয়া নাসরিন ঝুমা জানান, “পাহাড়ি শহরের নিজস্ব একটি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। কিন্তু যত্রতত্র বিজ্ঞাপনের বিলবোর্ড স্থাপনের কারণে সেই সৌন্দর্য নষ্ট হচ্ছে। পর্যটন শহর হিসেবে খাগড়াছড়িকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করা প্রয়োজন।”
পথচারী মো. রায়হান মনে করেন, শহরের বিভিন্ন স্থানে অনুমোদনহীনভাবে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। তার মতে, এর ফলে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। তিনি এই বিষয়ে পৌর কর্তৃপক্ষের নিয়মিত তদারকির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দা মেমং মারমা বলেন, “বড় বড় বিলবোর্ড অনেক সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। ঝড়-বৃষ্টিতে এগুলো ভেঙে পথচারী কিংবা যানবাহনের ওপর পড়তে পারে। দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ বিলবোর্ড সরিয়ে নেওয়া দরকার। আমরা বাজারে এলেই আতঙ্কে থাকি।”
খাগড়াছড়ি পৌরসভার দেওয়া তথ্যানুসারে, এই শহরে আটটি বড় এবং প্রায় ৩২টি ছোট বিলবোর্ড রয়েছে। তবে বাস্তবে শহরের বিভিন্ন স্থানে দৃশ্যমান অসংখ্য বিলবোর্ডের মধ্যে কতগুলো অনুমোদিত, কতগুলো অনুমোদনহীন এবং কোনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
খাগড়াছড়ি সুশীল সমাজের প্রতিনিধি ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বলেন, “পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যই খাগড়াছড়ির অন্যতম আকর্ষণ। কিন্তু শহরের বিভিন্ন স্থানে যেভাবে অপরিকল্পিতভাবে বিলবোর্ড স্থাপন করা হয়েছে, তাতে শহরের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিলবোর্ড স্থাপনে সুনির্দিষ্ট নীতিমালা ও নিয়মিত তদারকি থাকা প্রয়োজন। জননিরাপত্তা বিঘ্নিত হয়, এমন বিলবোর্ড দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে।”
এই বিষয়ে খাগড়াছড়ি পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি নতুন করে কোনো বিলবোর্ড স্থাপনের অনুমতি দেননি। তিনি আরও জানান, শহরের স্থাপিত বিলবোর্ডগুলো যদি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়, তবে সেগুলো সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।