চার দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আবারও পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে সাজেক ভ্যালি। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রটিতে পুনরায় প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শুক্রবার (১৬ অক্টোবর) প্রথম দিনেই ৫০০ জনের বেশি পর্যটক সাজেক ভ্রমণ করেছেন। পর্যটকদের এই ব্যাপক আগমনে স্বস্তি ফিরেছে স্থানীয় রিসোর্ট, কটেজ এবং রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে।

সাজেক জিপগাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি থেকে প্রায় ৫০ থেকে ৫৫টি জিপ, মাহিন্দ্র ও মোটরসাইকেল সাজেকে পৌঁছেছে। এসব যানবাহনে করে ৫০০ জনেরও বেশি পর্যটক এসেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, বিকেলের বহরে আরও অনেক পর্যটক এখানে আসবেন।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, “দীর্ঘদিন পর্যটক না আসায় পাহাড়ের এই পর্যটন খাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। পূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে।” তিনি আরও জানান, পূজার ছুটিকে কেন্দ্র করে ইতিমধ্যে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়ে গেছে।

এর আগে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, “জেলা প্রশাসনের গত ১১ অক্টোবর জারি করা নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।”