রাঙামাটির বাঘাইছড়ির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি থেকে পর্যটকদের নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি (পুরোনো জিপ) উল্টে গেছে। এই দুর্ঘটনায় সাতজন পর্যটক আহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে সাজেকের হাউজপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহত সাতজন পর্যটকের সবাই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের পরিচয় পাওয়া গেছে— মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোছা. আশা (১৩)।
ঘটনার বিষয়ে বাঘাইছড়ির বাঘাইহাট স্টেশনের লাইনম্যান মো. জসিম মুক্তকণ্ঠকে বলেন, “সাজেক ভ্রমণ শেষে পর্যটকদের নিয়ে জিপগাড়িটি খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিল। পথে হাউজপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে মোট ১২ যাত্রী ছিলেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে আরেক গাড়িতে খাগড়াছড়ি পাঠানো হয়েছে।”
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবরটি আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণসহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।’