রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর পাশাপাশি বর্তমানে যারা সাজেকে অবস্থান করছেন, তাদের দ্রুত নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আমরাফীর স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “অনাকাঙ্ক্ষিত ও অনিবার্য পরিস্থিতির কারণে রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের সোমবার (১২ অক্টোবর) বিকেল পাঁচটার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সাজেক ভ্যালি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের’ আহ্বানে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়। এই অবরোধের ফলে গঙ্গারাম উজবাজার এলাকায় প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের পর অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হলে পর্যটকেরা সাজেক ও খাগড়াছড়ির দিকে রওনা হন। ঠিক এই পরিস্থিতির মধ্যেই সাজেক ভ্যালি বন্ধ রাখার ঘোষণা দেয় জেলা প্রশাসন।