সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব গত বছরের ১৫ ডিসেম্বর কাগজডটএআই নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। এই প্ল্যাটফর্মের অন্যতম একটি সেবা হলো ওসিআর, যার মাধ্যমে ছবি বা নথি থেকে লেখা ওয়ার্ডে রূপান্তর করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমরা ভাষাকে উন্মুক্ত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে কাজে লাগাতে চাই। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে কাগজ টুলসের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে।’

তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরকারি এই সেবার ব্যবহার অত্যন্ত সীমিত। অথচ বর্তমানে প্রায় প্রতিটি স্মার্টফোনে থাকা গুগল লেন্সের মাধ্যমে খুব সহজেই ছবি বা নথি থেকে লেখা ওয়ার্ডে রূপান্তর করা যায়। এছাড়া আরও অনেক অ্যাপ রয়েছে যা বিনামূল্যে এই সেবা প্রদান করছে এবং সেগুলোর বেশিরভাগই কাগজডটএআই উদ্বোধনের অনেক আগে চালু হয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ছবি বা নথি থেকে লেখা ওয়ার্ডে রূপান্তর, অডিও থেকে লেখা তৈরি, বানান ও ব্যাকরণ সংশোধন এবং বাংলা থেকে অন্য ভাষায় অনুবাদের মতো মোট ১২টি সফটওয়্যার তৈরি করতে ৮০ কোটি টাকা খরচ করেছে। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার সহজ করার উদ্দেশ্যে এই কাজ করতে সময় লেগেছে দীর্ঘ ১০ বছর।

২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়। আইসিটি বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মোট বরাদ্দ ১৫৮ কোটি টাকা, যার সম্পূর্ণ অর্থায়ন করছে সরকার। এই প্রকল্পের মেয়াদ ইতিমধ্যে তিনবার বাড়ানো হয়েছে এবং সর্বশেষ গত আগস্টে এর মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, নতুন সরকারের উচিত ছিল আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া তথ্যপ্রযুক্তি বিভাগের প্রকল্পগুলো পর্যালোচনা করে অপ্রয়োজনীয়গুলো বাদ দেওয়া এবং জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু তার পরিবর্তে প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে বলে তারা মনে করেন।

প্রকল্পটি সম্পর্কে জানতে চাওয়া হলে আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঞা মুক্তকণ্ঠকে বলেন, ‘বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় বেশ কিছু টুল তৈরি করা হয়েছে। তবে সব কটি কাজ যে খুব অর্থবহ হয়েছে, তা আমি বলব না। প্রকল্পের টুলগুলো মানুষের কাছে যেভাবে পৌঁছানোর কথা ছিল, সেভাবে পৌঁছাতে পারেনি।’ তিনি আরও জানান, ‘টুলগুলোকে কীভাবে একটি প্ল্যাটফর্মে এনে মানুষের কাছে ব্যবহারবান্ধব করা যায়, আমরা তা নিয়ে কাজ করছি।’

সচিব আরও উল্লেখ করেন যে, আইসিটি খাতের চলমান প্রকল্পগুলো ঢালাওভাবে বন্ধ করা হয়নি। বরং কোন প্রকল্প চালু রাখা প্রয়োজন এবং কোনটির যৌক্তিকতা কতটুকু, তা যাচাই-বাছাই করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ১০ থেকে ১২টি প্রকল্পের পরিধি পুনর্মূল্যায়ন করেছি। যেসব অংশ অপ্রয়োজনীয় মনে হয়েছে, সেগুলো বাদ দিয়েছি।’

তবে লক্ষ্য করা গেছে, বর্তমান সরকারের আমলেও তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের ব্যয় কমানো হয়নি। ১০ বছরের এই দীর্ঘ প্রচেষ্টার উদ্দেশ্য ছিল তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার সহজ করা।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী ১৬টি সফটওয়্যার, টুল ও প্রযুক্তি উপকরণ তৈরির কথা ছিল। সংশ্লিষ্টদের তথ্যমতে, ১০ বছরে ১২টি উপাদানের কাজ শেষ হলেও সবগুলোর সেবা সাধারণ মানুষের জন্য পুরোপুরি চালু বা সহজলভ্য হয়নি।

প্রকল্পের আওতায় তৈরি বাংলাডটগভডটবিডি ওয়েবসাইটে বিভিন্ন বাংলা ভাষাভিত্তিক সফটওয়্যার ও সেবা রাখা হয়েছে। সরকারি সেবা সংক্রান্ত তথ্যের জন্য ‘জিজ্ঞাসা’ নামের একটি এআই সহকারী রয়েছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্ক্রিন রিডার, ইশারাভাষা শনাক্তকরণ, ব্রেইল কনভার্টার, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার তথ্যভান্ডার, বাংলা ফন্ট ও কিবোর্ড তৈরির কাজ চলছে।

প্রকল্প সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সফটওয়্যার উন্নয়ন, হোস্টিং এবং সংরক্ষণ বাবদ ব্যয় করা হয়েছে ৬০ কোটি টাকা। বাকি ২০ কোটি টাকা অফিস-সজ্জা, সভা-সেমিনার, ক্যাম্পেইন ও পরিচালন কাজে খরচ হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এই সফটওয়্যার ও প্রযুক্তিগুলো প্রাথমিক পর্যায়ের এবং কোনটির পেছনে প্রকৃত কত টাকা ব্যয় হয়েছে তা তদন্ত করা প্রয়োজন।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্ক্রিন রিডার, ইশারাভাষা শনাক্তকরণ, ব্রেইল কনভার্টার, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার তথ্যভান্ডার, বাংলা ফন্ট ও কিবোর্ডও তৈরি করা হচ্ছে।

সেবাগুলোর ব্যবহার বিশ্লেষণ করে দেখা যায়, একেকটির জনপ্রিয়তা একেক রকম। যেমন, ‘জিজ্ঞাসা’ এআই চ্যাটবটে দিনে গড়ে ১১০টি অনুরোধ আসে। ফন্ট রূপান্তর সেবায় ৩৫ দিনে ফাইল রূপান্তর হয়েছে মাত্র ২৭৫টি। তবে বাংলা বানান যাচাই সেবায় দিনে গড়ে পাঁচ লাখের মতো অনুরোধ আসে। অন্যদিকে কাগজডটএআই-এর ওসিআর সেবায় দিনে অনুরোধ আসে মাত্র ৫০টি।

মুক্তকণ্ঠ গত এক মাসে এই টুলগুলো ব্যবহার করে কার্যকারিতা যাচাই করেছে। দেখা গেছে, বানান যাচাই সেবাটি বেশ কার্যকর। তবে অডিও থেকে লেখা তৈরির ক্ষেত্রে বড় ফাইলে সমস্যা দেখা দেয়। এআই চ্যাটবট ‘জিজ্ঞাসা’ সাধারণ প্রশ্নের উত্তর দিলেও জটিল প্রশ্নে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছে।

প্রকল্প কর্মকর্তারা জানান, বর্তমানে ব্যবহৃত জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) সক্ষমতা সীমিত হওয়ায় একসঙ্গে অনেক ব্যবহারকারী সেবা নিতে পারছেন না। তাদের দাবি, বর্তমান সক্ষমতায় ৫ থেকে ১০ হাজার ব্যবহারকারী সেবা পেলেও চাহিদা বাড়লে অপেক্ষা করতে হয়। ফলে ব্যাপক ব্যবহারের জন্য অতিরিক্ত জিপিইউ ও অবকাঠামো প্রয়োজন।

প্রশ্ন উঠছে, ১৫৮ কোটি টাকার এই প্রযুক্তি যদি অবকাঠামোর অভাবে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী না হয়, তবে প্রকল্প শেষে এগুলো সচল রাখবে কে? প্রকল্প পরিচালক মাহবুব করিম মুক্তকণ্ঠকে জানান, কাজ শেষে প্রযুক্তি ও তথ্যভান্ডার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে সক্ষমতা বাড়ানোর সুযোগ থাকবে।

তবে অতীতের অভিজ্ঞতা আশাব্যঞ্জক নয়। আওয়ামী লীগ সরকারের আমলে মোবাইল গেম ও অ্যাপ তৈরির ৩৩০ কোটি টাকার প্রকল্পের অধিকাংশ কাজই অকেজো প্রমাণিত হয়েছে। অভিযোগ রয়েছে, নিজেদের লোকজনকে কাজ দিতেই এসব প্রকল্প নেওয়া হয়েছিল এবং মোট অর্থের ১৭ শতাংশের বেশি শেখ পরিবারের নামে সিনেমা ও গেম তৈরিতে ব্যয় করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা দাবি করছেন, এই প্রকল্পের উদ্দেশ্য কেবল সফটওয়্যার তৈরি নয়, বরং বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভাষাপ্রযুক্তি উন্নয়নের জন্য তথ্যভান্ডার তৈরি করা। তাদের মতে, প্রকল্পের আওতায় প্রায় ৮ হাজার কপিরাইটমুক্ত বই ডিজিটাল করা হয়েছে। তৈরি হয়েছে বাংলা কথাকে লেখায় রূপান্তরের জন্য ১০ হাজার ঘণ্টা এবং লেখা থেকে কণ্ঠ তৈরির জন্য এক হাজার ঘণ্টার অডিও উপাত্ত। এ ছাড়া ৪৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার ১২ হাজার মিনিটের বেশি অডিও এবং ইশারাভাষার ৪২ হাজার ৮০০টি ভিডিও সংগ্রহ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কেবল সফটওয়্যার বা উপাত্ত সংগ্রহের হিসাব দিয়ে সাফল্য বিচার করা যায় না। প্রযুক্তির কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদী সচল থাকাই আসল বিবেচ্য।

আইসিটি খাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশের নামে ২১টি প্রকল্প নেওয়া হয়েছিল, যার অনুমোদিত ব্যয় প্রায় ১৯ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ২৮ আগস্ট গঠিত ১২ সদস্যের মূল্যায়ন কমিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, অনেক প্রকল্পের কার্যক্রমের সাথে উদ্দেশ্যের মিল নেই এবং কিছু কাজ আইসিটি বিভাগের আওতার বাইরে। অপ্রয়োজনীয় খাত বাদ দিলে ৬ হাজার ৯৮১ কোটি টাকা সাশ্রয় সম্ভব ছিল।

অ্যাপ তৈরি, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও আইটি পার্ক স্থাপনের নামে অনিয়মের অভিযোগ রয়েছে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে, যিনি বর্তমানে কারাগারে। তবে প্রকল্পের সাথে যুক্ত অনেকেই এখনো জবাবদিহির বাইরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, ‘আইসিটি খাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। অতীতের কর্মপদ্ধতি ও প্রকল্পের ফলাফল যাচাই না করে শুধু মেয়াদ বাড়িয়ে যাওয়ার অর্থ হলো, পুরোনো কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া।’