ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীনে পরিচালিত সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ তাদের জনবল বৃদ্ধির লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও) সহ মোট ৮টি ভিন্ন ভিন্ন পদে যোগ্য কর্মী নিয়োগ করতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তাবলি পূরণকারী আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারবেন।

পদের বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাপকাঠি নিচে দেওয়া হলো:

১. চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও): এই পদের জন্য ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। তবে এমবিএ, সিএফএ, এফসিএমএ, এফসিএ, এফসিসিএ, সিপিএ অথবা সিএআইএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না (সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে)। এছাড়া আর্থিক সেবা, ইনভেস্টমেন্ট/অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল, ডিএফআই অথবা কোনো স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে পাঁচ বছর শীর্ষ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

২. অ্যাসোসিয়েট—ফান্ড অব ফান্ডস: ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে (এমবিএ, সিএফএ বা সিএআইএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন)। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ ও ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ইনভেস্টমেন্ট/অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল অথবা ক্যাপিটাল মার্কেটে ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

৩. এভিপি—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্যে (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রি আবশ্যক (এসিএ, এসিএমএ, সিএফএ বা এসসিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন)। শিক্ষাজীবনে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ ও ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স, পোর্টফোলিও মূল্যায়ন অথবা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত আট বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদে দায়িত্ব পালন করতে হবে।

৪. এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্যে (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ ও ৪.০-এর স্কেলে ২.৫০ থাকা বাধ্যতামূলক। এছাড়া ফিন্যান্স বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. এক্সিকিউটিভ—কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন (এলএলবি, এমবিএ-এইচআরএম অথবা পিজিডি-এইচআরএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন)। শিক্ষাজীবনে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ ও ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। কমপ্লায়েন্স, মানবসম্পদ, প্রশাসন অথবা লিগ্যাল অ্যাফেয়ার্সে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

৬. অফিস সহকারী: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে (জিপিএ ৫.০-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে)। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

৭. ড্রাইভার: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস হতে হবে। কোনো সরকারি বা করপোরেট প্রতিষ্ঠানে পেশাদার ড্রাইভার হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৮. জেনিটর: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস হতে হবে। যেকোনো সরকারি বা করপোরেট অফিসে ক্লিনিং ও হাউসকিপিং কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন-ভাতা এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত পদের বিবরণ, আবেদনের শর্তাবলি এবং অনলাইনে আবেদনের নির্দেশনাবলি জানতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টালে প্রবেশ করতে বলা হয়েছে। যেকোনো দাপ্তরিক তথ্যের জন্য ই-মেইল করতে বলা হয়েছে: [email protected]