রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক এবং বিভিন্ন কর্মচারী পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির শূন্য পদ পূরণে চিকিৎসক ও কর্মচারী ক্যাটাগরিতে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

চিকিৎসক পদগুলোর বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা নিম্নরূপ:

আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন): এই পদে মোট ৩৫টি শূন্য পদ রয়েছে (গ্রেড–৯)। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৪৪,০০০–১০৫,৯০০ টাকা। আবেদনের জন্য বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু মেডিসিনের ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু সার্জারি): এই পদে মোট ৯টি শূন্য পদ রয়েছে (গ্রেড–৯)। বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা। যোগ্যতার জন্য বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু সার্জারির ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু অ্যানেসথেসিয়া): এই পদে মোট ৫টি শূন্য পদ রয়েছে (গ্রেড–৯)। বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা। যোগ্যতার জন্য বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু অ্যানেসথেসিয়ার ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবাসিক মেডিক্যাল অফিসার (ইএনটি): এই পদে ১টি শূন্য পদ রয়েছে (গ্রেড–৯)। বেতন স্কেল ৪৪,০০০–১০৫,৯০০ টাকা। যোগ্যতার জন্য বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং ইএনটির ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

চিকিৎসক পদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। তবে উচ্চতর যোগ্যতা (ডিসিএইচ, এমডি, এমএস ও এফসিপিএস) সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য। চিকিৎসক পদের পরীক্ষার ফি হিসেবে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’–এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে দুই হাজার টাকার পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য হিসেবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

অন্যদিকে, কর্মচারী পদগুলোর বিবরণ ও যোগ্যতা নিম্নরূপ:

ওয়ার্ড বয়/আয়া: এই পদে মোট ৩৩টি শূন্য পদ রয়েছে (গ্রেড–২০)। বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পিয়ন (অফিস সহায়ক): এই পদে মোট ১০টি শূন্য পদ রয়েছে (গ্রেড–২০)। বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অ্যাটেনডেন্ট (ওটি, এক্স–রে, ল্যাব ও কার্ডিয়াক): এই পদে মোট ২৫টি শূন্য পদ রয়েছে (গ্রেড–২০)। বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

কর্মচারী পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। পরীক্ষার ফি হিসেবে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’–এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকার পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য হিসেবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে। ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ, বিএমডিসি নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও নির্ধারিত ফির পে–অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র ১৭ অক্টোবরের মধ্যে (অফিস সময় সকাল ৯টা থেকে বেলা ২টা) সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭’ ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।