প্রধানমন্ত্রীর খুলনা সফরকে সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) বিভিন্ন দেওয়ালে দেশবরেণ্য কবি, সাহিত্যিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি এঁকেছিল। তবে এরই মধ্যে নগরীর শিববাড়ী মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রের মুখে কালো কালি লেপে দেওয়ার এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একই সাথে সেখানে রবীন্দ্রবিরোধী পোস্টারও সাঁটানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, শিববাড়ী মোড়ের দেয়ালে আঁকা অন্যান্য মনীষীদের প্রতিকৃতিগুলো অক্ষত থাকলেও শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিকৃতির মাথার কাছে দুটি পোস্টার লাগানো ছিল। ওই পোস্টারগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও বক্তব্য লেখা হয়েছে।

একটি পোস্টারে লেখা ছিল, “তিতুমীরের বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় বিদেশীর ঠাঁই নাই, ভারত বন্দনার ঠাঁই নাই।” পোস্টারগুলোর বিষয়বস্তু বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, রবীন্দ্রনাথের প্রতি বিরূপ মনোভাব থেকেই প্রতিকৃতিটি বিকৃত করা হয়েছে। তবে কারা এবং ঠিক কী উদ্দেশ্যে এই কাজ করেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য যে, ওই নির্দিষ্ট দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কবি মাইকেল মধুসূদন দত্তসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি রয়েছে।

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে কেসিসির এই উদ্যোগ ইতোমধ্যে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকে পরিবারসহ সেখানে ঘুরতে এসে প্রতিকৃতিগুলোর সামনে ছবি তুলেছেন এবং নগরীর সৌন্দর্যবর্ধনে এমন পদক্ষেপের প্রশংসা করেছেন।

স্থানীয় কয়েকজন পথচারী তাদের প্রতিক্রিয়ায় জানান, এই দেয়ালচিত্রগুলো শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। তবে একটি প্রতিকৃতি এভাবে বিকৃত করা অত্যন্ত দুঃখজনক। তারা মনে করেন, কারও বক্তব্য বা ঐতিহাসিক ভূমিকা নিয়ে আপত্তি থাকলে তা প্রকাশের গণতান্ত্রিক পথ রয়েছে, কিন্তু শিল্পকর্ম নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই ঘটনার বিষয়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনাকে আমরা সমর্থন করি না। প্রয়োজন হলে সেখানে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা খুলনার অতীত ঐতিহ্য, এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তাদের ছবি এঁকেছি। পাশাপাশি জাতীয় কবি ও সাহিত্যিকদের প্রতিকৃতিও তুলে ধরেছি। এর মধ্যে কেন এমন ঘটনা ঘটানো হয়েছে, তা আমি জানি না। বিষয়টি জানার চেষ্টা করব।”