সমুদ্রের তলদেশের বাস্তুসংস্থান এবং জীববৈচিত্র্য রক্ষা করতে এক অভিনব ও কঠোর পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। ইংল্যান্ডের পূর্ব উপকূলে সমুদ্রের গভীরে তারা ৯টি বিশাল আকৃতির পাথর স্থাপন করেছে। মূলত 'বটম ট্রলিং' নামক মাছ ধরার ক্ষতিকর পদ্ধতি বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বটম ট্রলিং হলো এমন এক পদ্ধতি যেখানে সমুদ্রের তলদেশে ভারী জাল ফেলে মাছ ধরা হয়। এই প্রক্রিয়ায় তলদেশের উদ্ভিদ এবং বিভিন্ন সামুদ্রিক প্রজাতির ব্যাপক ক্ষতি হয়, যা দীর্ঘমেয়াদে গভীর সমুদ্রের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে। গ্রিনপিসের মতে, এই ধ্বংসাত্মক প্রক্রিয়া ব্যাহত করতে এবং সামুদ্রিক প্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিত করতে তারা সমুদ্রের তলদেশে বড় বড় পাথরের বাধা তৈরি করছে।

সংগঠনটি দাবি করেছে যে, তাদের এই প্রচেষ্টার ফলে সাউদার্ন নর্থ সি মেরিন প্রটেক্টেড এরিয়ার প্রায় ১১৬ বর্গকিলোমিটার এলাকা এখন বটম ট্রলিংমুক্ত। গ্রিনপিস আরও জানিয়েছে, তারা দীর্ঘ বছর ধরে রাজনীতিবিদদের সঙ্গে বিভিন্ন বৈঠক করেছে, কিন্তু সেই প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি ছিল অত্যন্ত মন্থর। ফলে শেষ উপায় হিসেবে তারা কোনো আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই সমুদ্রে এই পাথরগুলো ফেলার সিদ্ধান্ত নেয়।

গ্রিনপিসের দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রের তলদেশ এভাবে ছেঁচে মাছ সংগ্রহের ফলে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এই পদ্ধতির কারণে অনেক সামুদ্রিক মাছের খাদ্যসংকট দেখা দিচ্ছে। এছাড়া ট্রলিংয়ের ফলে সৃষ্ট তীব্র শব্দদূষণ ডলফিন বা হাঙরের মতো দেখতে 'পারপয়েস' নামের প্রাণীর শিকার করার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও পল্লিবিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “সামুদ্রিক পরিবেশ রক্ষায় যুক্তরাজ্যে কঠোর আইন রয়েছে। সামুদ্রিক সব কর্মকাণ্ড আইন মেনে করা উচিত। সমুদ্র ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন যে, ইতিমধ্যে ১০০টির বেশি স্থানে ক্ষতিকর পদ্ধতিতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে এবং সরকার আরও কঠোর বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে।

নিরাপত্তার কথা মাথায় রেখে গ্রিনপিস ২ টন ওজনের প্রতিটি পাথরের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেছে। এর উদ্দেশ্য হলো যাতে কর্তৃপক্ষ তাদের মানচিত্র হালনাগাদ করতে পারে এবং অন্যান্য জাহাজকে সতর্ক করা সম্ভব হয়। মেরিন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন ইতিমধ্যে এই পাথরগুলোর অবস্থানের বিবরণ প্রকাশ করেছে। উল্লেখ্য, এটি গ্রিনপিসের প্রথম পদক্ষেপ নয়; এর আগে ২০২২ সালে কর্নওয়াল উপকূলে ১৮টি পাথর ফেলেছিল এই সংগঠনটি।