বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা কি নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন? গত কয়েক মাস ধরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। হর্ষ মেহতা নামের একজন হীরার ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি মানিশ মালহোত্রার আয়োজিত দীপাবলির পার্টিতে তাঁদের একসঙ্গে উপস্থিতির ফলে এই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে।

মুম্বাইয়ে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে কথিত প্রেমিক হর্ষ মেহতাকে সঙ্গে নিয়ে হাজির হন মালাইকা। তবে লক্ষ্য করা গেছে, অনুষ্ঠানে প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময়—কোনো মুহূর্তেই দুজনকে একসঙ্গে আলোকচিত্রীদের সামনে পোজ দিতে দেখা যায়নি। মালাইকা একাই ছবি তোলেন। তবে অনুষ্ঠান শেষে যখন তিনি বের হয়ে আসছিলেন, তখন তাঁকে ইশারায় হর্ষকে ডাকতে দেখা যায় এবং এরপর দুজন একসঙ্গেই সেখান থেকে চলে যান। তবে যাওয়ার আগে আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়েন হর্ষ এবং তাঁদের উদ্দেশে দেখান থাম্বস আপও।

অনুষ্ঠানে মালাইকার পোশাক ছিল অত্যন্ত নজরকাড়া। তিনি সাদা শার্টের সঙ্গে গোলাপি ও সাদা রঙের একটি জমকালো লেহেঙ্গা পরেছিলেন। বরাবরের মতোই তাঁর সাজপোশাক অতিথি এবং আলোকচিত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

মজার বিষয় হলো, এই পার্টিতে মালাইকার সাবেক প্রেমিক অর্জুন কাপুরও উপস্থিত ছিলেন। তবে তাঁদের দুজনের মধ্যে কোনো কথা বা দেখা হয়েছে কি না, তা জানা যায়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অনুষ্ঠানে তাঁদের একে অপরের মুখোমুখি হতে দেখা যায়নি।

হর্ষ মেহতাকে নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হয় ২০২৫ সালের অক্টোবরে। মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের এক কনসার্টে তাঁদের একসঙ্গে দেখা যায়। পুরো অনুষ্ঠানজুড়ে তাঁদের কথা বলতে দেখা গিয়েছিল, যদিও পরে দুজনকে আলাদা সময়ে অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হর্ষ পেশায় একজন হীরার ব্যবসায়ী এবং তাঁর বয়স ৩৩ বছর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইতালিতে ছুটি কাটাতে গিয়েও একসঙ্গে দেখা যায় তাঁদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে দুজনকে দেখা যায়। ওই ছবিতে হর্ষের তোলা একটি সেলফিতে মালাইকাকে তাঁর দিকে ঘনিষ্ঠভাবে ঝুঁকে থাকতে দেখা যায়, যা তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও বাড়িয়ে দেয়।

এরপর মার্চ মাসে অভিনেত্রী কৃতিকা কামরা ও গৌরব কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মালাইকা ও হর্ষ। তবে সেদিনও হর্ষ আলোকচিত্রীদের সামনে আসেননি।

এর আগে দীর্ঘদিন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা। ২০১৮ সালে তাঁদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে এবং প্রায় ছয় বছর পর ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে।

অর্জুনের আগে অভিনেতা ও নির্মাতা আরবাজ খানের সঙ্গে সংসার করেছেন মালাইকা। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয় এবং ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ ঘটে। এই দম্পতির আরহান খান নামে এক ছেলে রয়েছে। তবে হর্ষের সঙ্গে মালাইকার সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি তাঁদের কেউই।