যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বর্তমানে এক চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। অভিশংসনের হাত থেকে বাঁচতে তিনি যে কৌশল অবলম্বন করছেন, তা যেন তাঁর বিপদকে আরও বাড়িয়ে তুলছে। সমালোচকদের মতে, তাঁর সাম্প্রতিক আচার-আচরণ তাঁদের যুক্তিগুলোকেই আরও জোরালো করে দিচ্ছে।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে হেগসেথ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলেন, “আমরা শক্ত হয়ে দাঁড়াই, আমরা লড়াই করি।”
রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে, অজনপ্রিয় ইরান যুদ্ধের কারণে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের যে শোচনীয় পরাজয় হয়েছে, তার দায়ভার হেগসেথের ওপর চাপিয়ে তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হতে পারে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তিনি তাঁর ওই মন্তব্যটি করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছেন। ফক্স নিউজের সাবেক এই সঞ্চালকের প্রশংসা করে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, হেগসেথ পেন্টাগনে “অসাধারণ কাজ” করছেন। তবে ট্রাম্পের এই সমর্থনের বিপরীতে বিদায়ী রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে আগামী সপ্তাহে হেগসেথের অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হচ্ছে।
ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে ট্রাম্প ছাড়া খুব কম মানুষই এখন প্রকাশ্যে হেগসেথের পক্ষ নিতে আগ্রহী, বিশেষ করে এমন এক নির্বাচনী বিপর্যয়ের পর। মার্কিন জনগণের মধ্যে প্রতিরক্ষামন্ত্রীর অতি আগ্রহে পরিচালিত ইরান যুদ্ধের প্রতি তীব্র ক্ষোভ বিরাজ করছে। ধারণা করা হয়, হেগসেথ যে ভিডিওটি প্রকাশ করেছেন, তার মূল লক্ষ্য ছিল কেবল একজন দর্শক—প্রেসিডেন্ট ট্রাম্প।
নিজের অবস্থান শক্ত করতে ট্রাম্পের প্রথম মেয়াদে অভিশংসনের অভিজ্ঞতাকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন হেগসেথ। নিজেকে ট্রাম্পের আদর্শে বিশ্বাসী এক সহযোদ্ধা হিসেবে উপস্থাপন করে তিনি বলেন, “এটা পুরোটাই ব্যক্তিগত ধ্বংসাত্মক রাজনীতির খেলা। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই ধ্বংসাত্মক খেলা কাজ করেনি, আমার বিরুদ্ধেও করবে না। এ নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।”
মধ্যবর্তী নির্বাচনের বিপর্যয় নিয়ে যখন পুরো ওয়াশিংটন উত্তাল এবং ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্ত যখন যুদ্ধ নিয়ে দ্বিধাবিভক্ত, ঠিক সেই অস্থির মুহূর্তে এই ভিডিওটি সামনে আসে। এর আগে মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক চমকপ্রদ পোস্টে রিপাবলিকানদের এই বিপর্যয়ের জন্য যুদ্ধকেই দায়ী করেছেন। তিনি সতর্ক করে লিখেছেন, “যাঁরা এই যুদ্ধ সমর্থন করেছেন, তাঁরা ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছেন।”
ট্রাম্প প্রশাসনের এই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে—সামরিক বা কৌশলগত ফলাফল যাই হোক, ইরান যুদ্ধের রাজনৈতিক লড়াইয়ে ট্রাম্প পরাজিত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণ সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্রের টিকে থাকার ক্ষমতা ট্রাম্পের ওপর প্রচণ্ড রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে, যার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি তেলের বাজারেও।
পরিস্থিতি এখন এমন যে, যুদ্ধ এড়ানোর প্রতিশ্রুতি ভঙ্গকারী প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর মেয়াদের শেষ দুই বছর কংগ্রেসে ডেমোক্র্যাটদের বিশাল সংখ্যাগরিষ্ঠতার মোকাবিলা করতে হবে। যেহেতু প্রেসিডেন্ট পদত্যাগ করছেন না, তাই রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এই ব্যর্থতার দায়ভার অন্য কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের ওপর চাপানো হতে পারে।
তবে ট্রাম্প সাংবাদিকদের আশ্বস্ত করেছেন যে, তিনি হেগসেথকে বরখাস্ত করার কথা ভাবছেন না। চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে রাজধানী কারাকাস থেকে নিউইয়র্কে নিয়ে আসা এবং ইরান যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
তা সত্ত্বেও, হেগসেথের বর্তমান অবস্থা ২০০৬ সালের প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছে। ২০ বছর আগে অজনপ্রিয় ইরাক যুদ্ধের কারণে ভোটাররা মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে বড় পরাজয়ের উপহার দিয়েছিলেন, যার ফলে রামসফেল্ডকে দায়িত্ব ছাড়তে হয়েছিল।
পেন্টাগনের নেতৃত্ব নিয়ে সংশয় দূর করার মতো বিলাসিতা এখন ট্রাম্পের নেই। কারণ, ইরান যুদ্ধে তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে তিনি চরম দ্বিধাদ্বন্দ্বে। নির্বাচনের আগে গুঞ্জন ছিল যে, ভোট গণনার পরপরই তিনি সংঘাত বাড়িয়ে তেহরানকে আত্মসমর্পণ বা আলোচনায় বসতে বাধ্য করবেন। কিন্তু এখন হামলা চালালে তিনি একা হয়ে পড়বেন, কারণ জনগণ তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং মন্ত্রিসভার বিভেদ স্পষ্ট। অন্যদিকে পিছু হটলে তা হবে লজ্জাজনক পরাজয়, কারণ তেহরান তাঁর কাঙ্ক্ষিত বিজয়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
টেলিভিশন উপস্থাপনার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে হেগসেথ জানেন তাঁর বসের আবেগকে কীভাবে স্পর্শ করতে হয়। তাঁর ভিডিওটি ছিল আক্রমণাত্মক এবং সাংস্কৃতিক সংঘাতপূর্ণ, যা তাঁকে শুরু থেকেই ট্রাম্পের প্রিয় করে তুলেছিল। এছাড়া ২০২৪ সালে পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের ওপর হওয়া হত্যাচেষ্টার প্রতীকী রূপ তিনি নিজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ট্রাম্পের সমর্থকরা তাঁদের নেতার মধ্যে যে দৃঢ়তা দেখেন, হেগসেথ নিজেকে ঠিক সেই রূপেই উপস্থাপন করেছেন।
হেগসেথ বলেন, “তিনি (ট্রাম্প) সত্যি সত্যিই এই দেশের জন্য গুলি খেয়েছেন। তিনি হাত উঁচিয়ে বলেছিলেন “লড়াই, লড়াই, লড়াই”। আর আমরাও সেটাই করব।”
এই বক্তব্যের পাশাপাশি তাঁর সহযোগীদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের জোয়ার আনা হয়েছে, যা মূলত তাঁর চাকরি বাঁচানোর একটি সুসংগঠিত প্রচারণার অংশ। বার্তাটি পরিষ্কার—হেগসেথকে বলির পাঁঠা বানালে তা হবে প্রেসিডেন্টের জন্য এক বিরাট পরাজয়।
বৃহস্পতিবার সিএনএনের সাংবাদিক হ্যালি ব্রিটস্কিকে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “পেন্টাগন ও হোয়াইট হাউস আজ রাতে তাদের অবস্থান একেবারেই পরিষ্কার করে দিয়েছে। তারা হেগসেথের সমর্থনে জোরালো ভূমিকা নিচ্ছে। আর এটাই আপনার যা জানার প্রয়োজন, তা বলে দিচ্ছে।”
মাগা আন্দোলন যে হেগসেথের জন্য প্রথমবার মাঠে নেমেছে তা নয়; গত বছর তাঁর মনোনয়ন নিয়ে অনিশ্চয়তার সময়ও তাদের আগ্রাসী অবস্থানের কারণে তাঁর পদ টিকে ছিল। তবে এবারের আত্মরক্ষা রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে ভুল হতে পারে।
মার্কিন জনগণের কোটি কোটি ভোট যুদ্ধের বিরুদ্ধে যাওয়ার মাত্র দুই দিন পর, পেন্টাগনের সিঁড়িতে দাঁড়িয়ে পেছনে ‘যুদ্ধ বিভাগ’ লেখা সাইন ঝুলিয়ে দেওয়া এই উত্তপ্ত ভাষণটি অত্যন্ত বেমানান মনে হয়েছে। এমন চড়া সুর হয়তো ট্রাম্পের ক্ষমতার শীর্ষে থাকার সময় কাজ করত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তা খাপছাড়া।
ট্রাম্প ও ভ্যান্সের মধ্যকার দূরত্বের মাঝে হেগসেথের এই বক্তব্য নেতৃত্বের শূন্যতার ইঙ্গিত দেয়। বিশেষ করে কমান্ডার-ইন-চিফ নির্বাচনের পর কয়েক ঘণ্টা সময় কাটিয়েছেন তাঁর ব্যক্তিগত শখের প্রকল্পে, যেমন হোয়াইট হাউসের বলরুম। বৃহস্পতিবার ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে মন্ত্রিসভা কক্ষ ও ওভাল অফিসকে জাতীয় ঐতিহাসিক নিদর্শন হিসেবে ঘোষণা করেন, যার উদ্দেশ্য সম্ভবত তাঁর নতুন সোনাখচিত সাজসজ্জাকে রক্ষা করা।
হেগসেথের এই কৌশল প্রতিরক্ষা ব্যয় বরাদ্দকেও জটিল করে তুলছে। আগামী সপ্তাহে এই সংকটের গভীরতা আরও বাড়বে। ট্রাম্পবিরোধী হিসেবে পরিচিত রিপাবলিকান আইনপ্রণেতা টমাস মেসি ইতিমধ্যেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনার কথা বলেছেন। দলীয় প্রাইমারিতে ট্রাম্পসমর্থিত প্রার্থীর কাছে পরাজিত এই মেসি এখন ক্ষুব্ধ।
ওয়াশিংটনে ফেরার পর ক্যাপিটল হিলে হেগসেথের প্রতি রিপাবলিকান আইনপ্রণেতাদের সমালোচনা চরম রূপ নিতে পারে। যে যুদ্ধ তাঁদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করেছে, সেই যুদ্ধের স্থপতিকে রক্ষা করার স্বার্থ পরাজিত আইনপ্রণেতাদের নেই।
সিনেটে অভিশংসন বিচারে হেগসেথকে সরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। তবে নির্বাচনের আগের শুনানিতে তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ মিত্রদের সংখ্যা কমিয়ে দিয়েছে। আইনপ্রণেতারা তাঁর বিরুদ্ধে ইরান যুদ্ধের কৌশল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার তথ্য গোপনের অভিযোগ এনেছেন। প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে অভিশংসন প্রস্তাব পাস হলে তাঁর পদে থাকা রাজনৈতিকভাবে অসম্ভব হয়ে পড়বে।
বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, “পিট হেগসেথ এখনো দায়িত্বে আছেন কেন?”
গত সপ্তাহে এই মন্তব্যকে দলীয় কাদা-ছোড়াছুড়ি বলা যেত, কিন্তু জেফ্রিস এখন প্রতিনিধি পরিষদের হবু স্পিকার। আগামী জানুয়ারি থেকে প্রশাসনের অর্থায়নের অনুমোদন আসবে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের মাধ্যমে, তাই পেন্টাগনকে নতুন সংখ্যাগরিষ্ঠ দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
নর্থ ক্যারোলাইনার বিদায়ী রিপাবলিকান সিনেটর টম টিলিস বুধবার সিএনএনকে বলেন, “আমার মনে হয় না বাজেট পাস করানোর মতো পর্যাপ্ত সম্পর্ক তিনি মার্কিন সিনেট বা কংগ্রেসে গড়ে তুলতে পেরেছেন।”
টিলিস আরও বলেন, “এটা কেবল ইরান যুদ্ধের বিষয় নয়। এটা হলো ডিওডির সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করার বিষয়।”
তিনি আরও যোগ করেন, গুরুত্বপূর্ণ কমিটির প্রধান ও জ্যেষ্ঠ সদস্যরা প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে দায়িত্বজ্ঞানহীন বলে মনে করেন এবং তিনি এই পদের জন্য সঠিক ব্যক্তি নন।
নতুন বছরে ক্ষমতা পাওয়ার আগেই নড়বড়ে হেগসেথকে আঘাত করে ট্রাম্পকে বার্তা দেওয়ার সুযোগ হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা। অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো বৃহস্পতিবার সিএনএনের জেইক টেপারকে বলেন, “হেগসেথের ভিডিওটি তাঁর কর্তৃত্বকে আরও ক্ষুণ্ন করেছে। আপনি এই মুহূর্তে একটি যুদ্ধ পরিচালনা করছেন। আর আপনার প্রতিক্রিয়া হচ্ছে যেন আপনি ফক্স নিউজে আছেন।”
রুবেন আরও যোগ করেন, “এটা হাস্যকর।..তিনি অভিশংসিত না হওয়ার পক্ষে যুক্তি দিতে চাইলেন কি না পরিষ্কার নয়। তিনি যা করেছেন, তাতে নিজের অভিশংসন নিজেই ডেকে এনেছেন।”