মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার পক্ষে তিনি ‘দৃঢ় সম্মতি’ দিয়েছেন।
নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য হাকিম জেফ্রিজ এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, হেগসেথ ‘নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি আমাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করেছেন এবং ইরানে বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ চাপিয়ে দিয়েছেন।’
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী এবং বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য টমাস ম্যাসি জানিয়েছেন, তিনি আগামী সোমবারের মধ্যেই হেগসেথকে অভিশংসন করতে একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছেন। তাঁর এই প্রস্তাবে যদি রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের সমর্থন পাওয়া যায়, তবে হেগসেথ তাঁর পদ থেকে অপসারিত হতে পারেন।
তবে পেন্টাগন কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে যে, তারা সম্পূর্ণ আইন মেনেই কাজ করেছে। তাদের দাবি, এ ধরনের ‘ভুয়া তদন্তের’ মাধ্যমে হেগসেথকে দমানো সম্ভব হবে না।
প্রতিনিধি পরিষদে বর্তমানে ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যালঘু নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন হাকিম জেফ্রিস। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে তাঁর দল অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাট দল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে জেফ্রিসই হতে পারেন স্পিকার পদের সবচেয়ে বড় দাবিদার।
গতকাল রোববার এবিসিকে জেফ্রিস বলেন, ‘হেগসেথের বিরুদ্ধে উপস্থাপন করা প্রস্তাবের পক্ষে আমি একপায়ে রাজি।’
হাকিম আরও বলেন, ‘পিট হেগসেথকে পদত্যাগ করতেই হবে।’
কেন্টাকি অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাসির প্রস্তাবিত অভিশংসন প্রক্রিয়ায় হেগসেথের বিরুদ্ধে ৮টি ধারার উল্লেখ করা হয়েছে। সেখানে অভিযোগ আনা হয়েছে যে, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ার্স রেজোল্যুশন’ অনুযায়ী কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন।
অন্যদিকে, গতকাল রোববার প্রেসিডেন্ট ট্রাম্প হেগসেথের পাশে দাঁড়িয়েছেন। পেন্টাগন প্রধানকে অভিশংসন করার বিষয়ে ডেমোক্র্যাটদের দাবির তীব্র বিরোধিতা করেন তিনি।
সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা তাঁকে (হেগসেথ) অভিশংসন করতে চায়। এটি অত্যন্ত অন্যায়। আমরা দুটি যুদ্ধ করেছি, দুটিতেই জয়ী হয়েছি। আমরা ভেনেজুয়েলায় জিতেছি, আমরা ইরানেও জিতেছি।
‘এতে কাজ হবে না’
হাকিম জেফ্রিস ঘোষণা দিয়েছেন, নতুনভাবে শক্তিশালী হয়ে ওঠা ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের ক্ষমতার ওপর নজরদারি ও ভারসাম্য বজায় রাখতে কাজ করবে।
তবে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর জেফ্রিস জানান, ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদের সদস্যরা এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার দিকে মনোযোগ দিচ্ছে না। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে ডেমোক্র্যাটরা তাঁর বিরুদ্ধে দুবার অভিশংসনের প্রস্তাব এনেছিল।
রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন আইনসভার মেয়াদ শেষ হওয়ার আগে পেন্টাগনের সাম্প্রতিক সামরিক বাজেট প্রস্তাব অনুমোদন করতে গত সপ্তাহে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে হেগসেথ প্রায় ছয় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন।
সেই ভিডিওতে ইসরায়েলপন্থী যুদ্ধবাজ হেগসেথ রিপাবলিকান–দলীয় কংগ্রেস সদস্য ম্যাসির অভিশংসন প্রস্তাব প্রচেষ্টার বিষয়ে কথা বলেন। তাঁর সম্ভাব্য অভিশংসন প্রস্তাবে এই হুমকিকে ‘ভুয়া ধারা বা ভণ্ডামি’ বলে উল্লেখ করেন তিনি।
হেগসেথ বলেন, ‘আপনি তো দেখতেই পাচ্ছেন, তাদের নীতিগুলো কাজ করে না। তাই ক্ষমতার ছদ্মবেশে রাজনৈতিক নাটক তৈরি করার এই বাতিক রিপাবলিকানদের ধ্বংস করার চেষ্টা চালাতে বিরোধীদের প্ররোচিত করে।’
হেগসেথ আরও দাবি করেন, ‘এ সবই হচ্ছে ব্যক্তি আক্রমণের রাজনীতি। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এটি কাজ করেনি। আমার বিরুদ্ধেও কাজ করবে না।’
অভিশংসন হলো একটি আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে প্রতিনিধি পরিষদ কোনো কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে ভোটের মাধ্যমে তাঁকে দোষী সাব্যস্ত করতে পারে। এরপর সিনেটে ভোটের মাধ্যমে সেই ব্যক্তিকে পদ থেকে অপসারণ করা হয়।
মধ্যবর্তী নির্বাচনের আরও কিছু আসনের ফল বাকি থাকলেও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা এরই মধ্যে ২৫৪টি ছুঁয়েছে। অভিশংসন প্রস্তাব পাস করার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসনের চেয়ে এটি অনেক বেশি।
তবে কোনো কর্মকর্তাকে চূড়ান্তভাবে অপসারণ করতে সিনেটে যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, তা ডেমোক্র্যাটদের নেই। এজন্য রিপাবলিকানদেরও তাদের পক্ষে ভোট দিতে হবে—যা রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত কঠিন একটি বিষয়।