বরগুনার আমতলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা কমিটির সভাপতি মো. মাহবুবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোডের অধীনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে আমতলী পৌর শহরের পুরাতন ডাকবাংলো এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডের একটি মামলায় মাহবুব ২২ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে রয়েছেন। মামলার এজাহার অনুযায়ী, আমতলী ইউনুস আলী খান কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়।

এই বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, “গ্রেপ্তার মাহবুব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা এবং মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।” তিনি আরও জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।