টক-শো ব্যক্তিত্ব এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির সঙ্গে বিয়ের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই বিতর্কের মুখে নিজেদের বিয়ের কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা আফরোজ। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নথিটি শেয়ার করেন।

বিষয়টি নিয়ে মুক্তকণ্ঠের সঙ্গে আলাপকালে ফারজানা আফরোজ বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলো সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’

নিজের স্বামীর ব্যক্তিত্বের বিষয়ে কথা বলে তিনি আরও বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’

প্রকাশিত কাবিননামার তথ্যানুযায়ী, ২০২২ সালের ১৩ মে ফারজানা আফরোজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোলাম মাওলা রনি।

এই স্পর্শকাতর বিষয়ে গোলাম মাওলা রনির অবস্থান জানতে তার মোবাইলে একাধিকবার কল করা হয় এবং মেসেজ পাঠানো হয়। তবে দীর্ঘ চেষ্টার পর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার কোনো বক্তব্য নেওয়া যায়নি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ফারজানা আফরোজ তার স্ত্রী নন বলে দাবি করেছিলেন রনি। ওই স্ট্যাটাসে ফারজানা আফরোজের ছবি শেয়ার করে রনি লিখেছিলেন, ‘এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’

এদিকে সূত্র অনুযায়ী জানা গেছে, ফারজানা আফরোজ বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারী শক্তিতে’ যোগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন।