জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন মন্তব্য করেছেন যে, জাতীয় নারী শক্তি কেবল নারী অধিকারকেন্দ্রিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা জাতীয় রাজনীতির মূলধারায় নারীদের কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সম্প্রতি মুক্তকণ্ঠের বিশেষ আয়োজন ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে নারীরা সামনের সারিতে থেকে লড়াই করেছেন, তাদের পুনরায় সংগঠিত করা এবং রাজনৈতিকভাবে সচেতন ও প্রশিক্ষিত করে তোলাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।

প্রচলিত রাজনৈতিক দলগুলোর নারী সংগঠনগুলোর সমালোচনা করে মনিরা শারমিন বলেন, “প্রচলিত রাজনৈতিক দলগুলোর মহিলা সংগঠনগুলো সাধারণত নারী নির্যাতন বা ধর্ষণের মতো নির্দিষ্ট ঘটনায় কর্মসূচি পালন করে কিংবা মিছিলে লোক সরবরাহের কাজে ব্যবহৃত হয়।” তিনি আরও উল্লেখ করেন যে, মূল দলগুলোর ভেতরে নারীদের যোগ্য পদে দায়িত্ব দেওয়ার পরিবর্তে তাদের এড়িয়ে যাওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায়।

এনসিপির এই নেত্রী আরও স্পষ্টভাবে জানান, জাতীয় নারী শক্তি নারীদের কেবল ‘নারী কোটা’র সীমাবদ্ধতায় দেখতে চায় না। বরং রাষ্ট্র সংস্কার এবং নীতি নির্ধারণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় এই সংগঠন। তৃণমূল পর্যায় থেকে দক্ষ নারী নেতৃত্ব তৈরি করে রাজনীতির প্রতিটি স্তরে তাদের সামনে এগিয়ে নেওয়াই জাতীয় নাগরিক পার্টির একটি প্রাতিষ্ঠানিক লক্ষ্য বলে তিনি দাবি করেন।