পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই দিন নিখোঁজ থাকার পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বাড়ির পাশে অবস্থিত একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরীর বয়স ছিল ১৬ বছর।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ওই ছাত্রীর। সেই উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করতেন তিনি।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্যানুযায়ী, গত মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ওই ছাত্রী। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়িতে ফিরে আসেননি। এতে উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা তাঁর খোঁজখবর নিতে শুরু করেন। বিকেলে বিদ্যালয়ে যোগাযোগ করলে শিক্ষকেরা জানান, ওই ছাত্রী পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে উপস্থিত হননি। এরপর দ্রুত পদক্ষেপ হিসেবে তারা মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ছাত্রীর বাবা জানান, গত মঙ্গলবার মেয়ে নিখোঁজ হওয়ার পর তারা বাড়ির আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি চালান। সেই সময় বাড়ির কাছেই মেয়ের একটি জুতা খুঁজে পান তারা। আজ বৃহস্পতিবার সকালে যে স্থানে জুতাটি পাওয়া গিয়েছিল, সেই এলাকা এবং এর আশপাশে পুনরায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে পাশের একটি জলাশয়ে মেয়ের মরদেহ দেখতে পান তাঁরা। সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুল ঝাত্রীল মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”