দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় তিন দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনসের যৌথ ব্যবস্থাপনায় এই মেলাটি আয়োজন করা হয়েছে। মেলায় মোট ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা ৫৩টি স্টলের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিপণ্য সংরক্ষণের বিভিন্ন উদ্ভাবনী কৌশল প্রদর্শন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, “বর্তমান সরকার কৃষকদের মেধার মূল্যায়ন, গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের সামাজিক মর্যাদা বাড়াতে কাজ করে যাচ্ছে।” তিনি উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেচ ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং আরডিএর মাধ্যমে আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের সাহায্যে সেচ কাজ পরিচালনা করায় বর্তমানে ৪০ শতাংশ পর্যন্ত পানি সাশ্রয় করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে তিনি অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, “গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নিরলস কাজ করছে। বিগত বছরগুলোতে নতুন কূপ খনন না করায় সৃষ্ট ঘাটতি কাটিয়ে উঠতে সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাস ক্ষেত্র থেকে নতুন গ্যাস পাওয়ার সুখবর পাওয়া গেছে।”

কৃষি পণ্যের বহুমুখী ব্যবহারের গুরুত্ব তুলে ধরে মীর শাহে আলম বলেন, “উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু দিয়ে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব।” পাশাপাশি তিনি জানান, বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাযুক্ত আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের, যাতে উত্তরাঞ্চলের আলু ও শাকসবজি সরাসরি বিদেশে রপ্তানি করা যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক আব্দুল মজিদ প্রমানিক কৃষির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি ও গবেষণার মাঠপর্যায়ে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব ও ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।