আজ বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আদালত থেকে জামিন পাওয়ার পর যখন তিনি তাঁর গাড়িতে উঠছিলেন, ঠিক সেই মুহূর্তেই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন তিনি। এই ঘটনায় চরম মেজাজ হারান নায়িকা এবং মুঠোফোন হাতে ভিডিও করা এক ব্যক্তিকে কঠোরভাবে শাসাতে দেখা যায়।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা তাঁকে ঘিরে নিরাপত্তা দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে আসছিলেন। তিনি যখন হেঁটে তাঁর গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন একদল সাংবাদিক তাঁকে ঘিরে ধরেন। অনেক সাংবাদিক দূর থেকেই জামিন পাওয়া প্রসঙ্গে তাঁকে নানা প্রশ্ন করতে থাকেন। তাঁদের প্রশ্ন ছিল, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’

তবে সেই মুহূর্তে সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি পরীমনি। তিনি সরাসরি তাঁর সাদা রঙের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক যখন তিনি গাড়িতে উঠছিলেন, তখনই হঠাৎ মেজাজ হারিয়ে এক ব্যক্তির দিকে তেড়ে আসেন তিনি। এই ঢালিউড নায়িকাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’

এর বিপরীতে মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তি দাবি করেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ তবে পাশ থেকে পরীমনির সহকারীরা পাল্টা দাবি করেন, ‘আপনি গায়ে হাত দিয়েছেন। আপনার হাত ছিল।’

প্রায় ৩০ সেকেন্ড ধরে চলা এই উত্তেজনাকর মুহূর্তে পরীমনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়েন। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই ওই ব্যক্তির ওপর বারবার রাগ প্রকাশ করেন এই অভিনেত্রী। পরীমনিকে আরও বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’

পরিস্থিতি বেগতিক দেখে উপস্থিত অনেকেই অভিযুক্ত ব্যক্তিকে পরীমনির কাছ থেকে সরিয়ে দেন। চরম ক্ষোভ নিয়েই দ্রুত গাড়িতে উঠে পড়েন নায়িকা। গাড়িতে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত তিনি এই ঘটনার জন্য তাঁর বিরক্তি প্রকাশ করতে থাকেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি উচ্চস্বরে বলতে থাকেন, ‘তাঁর গায়ে আমি দেইনি। কেন সে এ অভিযোগ করবে?’ এর কিছুক্ষণ পরেই দ্রুত এলাকা ত্যাগ করে পরীমনির গাড়িটি।

উল্লেখ্য, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গতকাল বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরোয়ানার ঠিক একদিন পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পান এই চিত্রনায়িকা।

আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন দাখিল করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।