অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, বিভিন্ন অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার ফলে জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার অভিযোগ উঠেছে। এই গুরুতর অভিযোগগুলোর তদন্ত করতে তিন সদস্যের একটি বিশেষ কমিশন গঠন করেছে সরকার। মূলত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালীন সময় অর্থাৎ ৮ আগস্ট ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই প্রক্রিয়ায় কার দায়দায়িত্ব ছিল, তা নির্ধারণ করবে এই তদন্ত কমিটি। কমিশনকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে তাদের বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সংশ্লিষ্ট কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমান। কমিটির অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম। হামের টিকা কেনা ও বিতরণে কেন বিলম্ব হলো, কোথায় অনিয়ম হয়েছে এবং প্রশাসনিক ব্যর্থতার মূল কারণ কী—তা চিহ্নিত করাই হবে এই কমিশনের প্রধান লক্ষ্য। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে এই কমিশন।
তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শনের পূর্ণ ক্ষমতা লাভ করেছে। এছাড়া তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব করার এবং তাদের জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে এই কমিশনকে। পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যসেবা বিভাগ।