টানা পাঁচ দিনের অস্থিরতা ও উত্তেজনার পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। ডিইপিজেডসহ অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। সকালে কিছু এলাকায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল লক্ষ্য করা গেলেও, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা সড়ক ছেড়ে কারখানায় প্রবেশ করেন।
তবে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল রাখতে সাভার ও আশুলিয়ার বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ আজও ছুটি ঘোষণা করেছে। এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত (সকাল ১০টা) হেমায়েতপুর এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম।
অন্যদিকে, আশুলিয়া-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকার কিছু কারখানায় ছুটি দেওয়া হলে সেখানে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের কঠোর অবস্থানের মুখে তারা দ্রুত সেখান থেকে সরে যান এবং পরবর্তীতে একটি শান্তিপূর্ণ মিছিল করেন।
সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই শ্রমিকরা কারখানার নিজস্ব পরিবহনে অথবা পায়ে হেঁটে কর্মস্থলে যোগ দিচ্ছেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশুলিয়া ও হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানাগুলোর সামনে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির বিশেষ টিমের টহল, সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, “সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সব এলাকায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে মাঠে রয়েছে।”