ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (ডেসকো) তাদের প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলবে, যার ফলে আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত প্রি-পেইড রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
আজ বুধবার ডেসকোর অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তবে এই সমস্যাটি সব গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডেসকো কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, যেসব প্রিপেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, শুধুমাত্র সেই মিটারগুলোর রিচার্জ প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে এবং যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট গ্রাহকদের মিটারে পর্যাপ্ত টাকা আগে থেকেই রিচার্জ করে রাখার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে যেকোনো প্রয়োজনে গ্রাহকরা ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। এই সাময়িক অসুবিধার জন্য ডেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ডেসকোর বিদ্যুৎ বিতরণ এলাকার আওতায় রয়েছে উত্তরের পূর্ব ও পশ্চিম অংশ, রূপনগর, পল্লবী, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, মিরপুর, মণিপুর, শাহ আলী, কল্যাণপুর, আগারগাঁও, কাফরুল, ইব্রাহীমপুর, গুলশান, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা, ইস্টার্ন হাউজিং, খিলক্ষেত, বাড্ডা, আফতাবনগর এবং টঙ্গীর পূর্ব ও পশ্চিম অংশ।