গাজীপুরে শ্রমিক আন্দোলনের সময় হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর প্রতিবাদে লায়লা স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করলে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। এই মিছিলে সংহতি জানিয়ে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এই উত্তেজনার মাঝে বহিরাগতদের হামলায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার পর গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর বাংলা বাজার সড়কের বাংলা বাজার এলাকায় অ্যাপিলিয়ন গার্মেন্টসের সামনে এই ঘটনাটি ঘটে। এর আগে মঙ্গলবার গাজীপুরের বাংলাবাজার এলাকায় অবস্থিত সিং জিং জাপান হাসপাতালে তৌফিকের মৃত্যু হয়। তিনি লায়লা স্টাইলস লিমিটেড কারখানার একজন শ্রমিক ছিলেন।

ঘটনার বিষয়ে লায়লা স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিকরা অভিযোগ করে বলেন, “গতকাল আমাদের এক ভাই মারা গেছে। প্রতিবাদে শ্রমিকরা মিছিল বের করে। এসময় বহিরাগতরা মিছিলে বাঁধা দেয়। আমাদের বেশ কয়েকজন শ্রমিককে আটকে রেখে নির্যাতন করে বহিরাগতরা।” তারা আরও জানান, নির্যাতনের শিকার হওয়া অনেক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরেক শ্রমিক মনিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে মালিক শ্রমিকদের মধ্যে সমস্যা। বহিরাগতরা কি। আমাদের ভাইবোনকে পশুর মতো মারধর করছে। পুলিশ এসে টিয়ারশের ছুঁড়ে। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়ে।”

অন্যদিকে, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ নিয়াজ শিশির জানান, আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের সরিয়ে দিয়েছে। তবে তিনি বলেন, “মারধর কোন শ্রমিক আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই।”

উল্লেখ্য যে, গতকাল গাজীপুরের বাংলাবাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছিল। সেই আন্দোলনের একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। সেই হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে বহিরাগতরা তৌফিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।