গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৌফিক শেখ (২১)। মঙ্গলবার (৩ নভেম্বর) গাজীপুরের বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি ২০২৩ সালে ওই উপজেলার ছয়ঘরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে তৌফিকের মরদেহ তার নিজ গ্রামে পৌঁছেছে। বুধবার সকাল ৯টায় ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীপুরের বাংলাবাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকরা তাদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছিলেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। সেই হামলার দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করলে তৌফিককে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

নিহতের চাচা বাচ্চু মিয়া জানান, তৌফিক গত পাঁচ বছর ধরে গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকা নির্বাহের তাগিদে এক বন্ধুর সহায়তায় তিনি ওই এলাকার লায়লা গার্মেন্টসে চাকরি নেন। শ্রমিক আন্দোলনে আহত হয়ে শেষ পর্যন্ত হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তৌফিক।

এই নৃশংস ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন।