সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বিশেষ উদ্যোগ ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘সেনোরা’।
এএফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই বিশেষ প্রকল্পের আওতায় গত রোববার সাফ সেক্রেটারিয়েটে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
উক্ত সমঝোতা স্মারকে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ ফেরদৌসুল ইসলাম এবং সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির শর্তানুযায়ী, আগামী এক বছরব্যাপী সাফের সাতটি সদস্য দেশের নারী ফুটবল দলগুলোর জন্য মোট ৩৪ হাজার স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে সেনোরা। শুধু পণ্য সরবরাহই নয়, বরং নারী ফুটবলারদের মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষামূলক কার্যক্রমও যৌথভাবে পরিচালনা করা হবে।
‘প্লে অন পিরিয়ড, প্লে উইথ কনফিডেন্স’ স্লোগানের মাধ্যমে শুরু হওয়া এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো মাসিককালীন সামাজিক জড়তা ও প্রয়োজনীয় স্যানিটারি সুবিধার অভাব যেন মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করা।
এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলারদের মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলায় তাদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধিতে একটি যৌথ পথচলার শুভ সূচনা হলো।