ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ ২০২৬-এর জন্য আয়োজিত লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট দুই হাজার জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, “২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে সুপারিশ করা দুই হাজার জনসহ অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো।”
পরবর্তী ধাপ হিসেবে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই স্বাস্থ্য পরীক্ষাটি ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সম্পন্ন হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।