পুলিশ হেডকোয়ার্টার্স ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ ২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে মোট দুই হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে সুপারিশ করা দুই হাজার জনসহ অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো।”

উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে বলে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে।

অন্যদিকে, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারসহ আরও দুই ডিআইজি-কে নতুন কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের বিস্তারিত বিবরণ অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সাইয়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগে বদলি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিআইজি পর্যায়ে বদলির তালিকায় রয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ, যাকে জিএমপির পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”