মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, নির্ধারিত এই ফির বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না।

আজ শনিবার মন্ত্রণালয় থেকে জারি করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। ফলে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা তাদের পছন্দমতো অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে পারবেন।

পাশাপাশি, স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ায় কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “কোনো রিক্রুটিং এজেন্সি মেডিক্যাল স্লিপ করানোর পর কোনো কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তাঁর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।”

যদি কোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করে কিংবা কর্মীদের সাথে হয়রানি, টালবাহানা বা অন্য কোনো ঝামেলা সৃষ্টি করে, তবে তাৎক্ষণিকভাবে ই-মেইলে ([email protected]) মন্ত্রণালয়কে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। যদি কোনো অনিয়ম বা গরমিল পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সবশেষে, মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মী, রিক্রুটিং এজেন্সি এবং মেডিক্যাল সেন্টারগুলোকে এই নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।