আগামী ২০২৭ সালে সরকারি চাকরিজীবীরা সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি পাবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।

তবে ছুটির তালিকার সাত দিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে পড়ায় কার্যত কর্মদিবসে ছুটি পাওয়া যাবে ২২ দিন।

গতকাল সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, মোট ছুটির মধ্যে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রয়েছে। এরমধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (দুটি শুক্রবার ও দুটি শনিবার)। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে তিনটি সাপ্তাহিক ছুটির দিন (একটি শুক্র ও দুটি শনিবার)।

চলতি বছরেও সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি ছিল। ফলে আগামী বছর সরকারি ছুটির সংখ্যা চলতি বছরের তুলনায় এক দিন বেড়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৯ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে ২০২৬ সালের ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছিল। পরে ওই তালিকা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করে।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে।