আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এই নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি সকল দপ্তরে নিয়মিত অফিসের কার্যক্রম চলবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এই নির্দেশনার কথা জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের বিশেষ ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই নতুন ছুটির ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিন ছুটি পাবেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর আগে থেকেই নির্ধারিত ছুটি ছিল। নিয়ম অনুযায়ী ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা থাকলেও, মন্ত্রিসভায় এই দিনটি ছুটি হিসেবে অনুমোদন করায় ছুটির মেয়াদ বৃদ্ধি পেল। এর পরবর্তী দুই দিন, ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে ২০ অক্টোবর থেকে শুরু করে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি কাটাবেন চাকরিজীবীরা।

উল্লেখ্য, চলতি বছর ১০ অক্টোবর মহালয়া পালিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।