দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই নতুন ছুটির ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার সরকারি কর্মচারীরা টানা পাঁচ দিন ছুটি পাবেন।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির প্রস্তাবটি অনুমোদিত হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর আগে থেকেই সরকারি ছুটি নির্ধারিত ছিল। নিয়ম অনুযায়ী ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ওইদিনও ছুটি থাকবে।
পরবর্তী দুই দিন, ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা নিয়মিত সরকারি সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন টানা ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
তিথি অনুযায়ী, চলতি বছর ১০ অক্টোবর মহালয়া পালিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।