গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগে এক বিধবা নারীর আমন ধান কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ এনে প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী লাভলী বেগম (৩৮)। তার দাবি, ধান কাটার চেষ্টা বাধা দিলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ধাওয়া করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী লাভলী বেগম সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের মৃত ফয়জার রহমানের স্ত্রী এবং নয়াব উদ্দিনের কন্যা।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর ৭০০১ নম্বর দলিলমূলে সোনারায় মৌজায় ১৭ দশমিক ৫ শতক জমি ক্রয় করেন লাভলী বেগম। সেই সময় থেকে তিনি ওই জমিটি ভোগদখল করে আসছিলেন। তবে জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিবেশী মৃত ইছিম উদ্দিনের দুই ছেলে আব্দুল বারী ও আবুল কালামের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।

এই বিরোধের প্রেক্ষিতে লাভলী বেগম গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এছাড়া একই জমি নিয়ে দেওয়ানি আদালতেও বর্তমানে একটি মামলা চলমান রয়েছে।

লাভলী বেগমের অভিযোগ অনুযায়ী, মামলাগুলো চলমান থাকা সত্ত্বেও গত সোমবার সকালে আব্দুল বারী ও আবুল কালাম ভাড়াটে লোকবল নিয়ে তার জমিতে প্রবেশ করেন। তারা জমিতে আবাদ করা আমন ধান কেটে নিয়ে যান, যার ফলে তার প্রায় ১৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ধান কাটতে বাধা দেওয়ার পর অভিযুক্তরা লাঠি ও কাস্তে উঁচিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং ধাওয়া করেন। সেই মুহূর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে আসায় তিনি রক্ষা পান।

উল্লেখ্য যে, জমি নিয়ে এই বিরোধের প্রেক্ষিতে গত ২৪ আগস্ট গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি আদেশ প্রদান করেন। ওই আদেশে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নালিশি জমিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সহকারী কমিশনারকে (ভূমি) জমির দখল সংক্রান্ত বিষয়ে একটি সুস্পষ্ট প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়। এছাড়া উভয় পক্ষকে আদালতে উপস্থিত হয়ে জমিতে নিজ নিজ দখলের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ লিখিত বক্তব্য দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল বারী বলেন, “বিরোধপূর্ণ জমি আমার পৈতৃক। ধান পাকার পর আমরা কেটেছি। লাভলী বেগম আমাদের নামে বারবার মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি আমাদের জমি দখলের চেষ্টা করছেন।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, “ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”