গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৪টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এই বিস্ফোরণগুলো সংঘটিত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাসভবনের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এর দুই মিনিট পর, অর্থাৎ ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় এবং ৪টা ৩০ মিনিটে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল। বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

আক্রান্ত এলাকার সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, "ফজরের আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনি। পরপর তিনটি বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এই এলাকায় আগে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।"