গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক অভাবনীয় ঘটনা ঘটেছে। ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী ঘাট থেকে একটি নৌকা ছেড়ে যায়। যাত্রা শুরুর কয়েক ঘণ্টা পর, সকাল সাড়ে ১০টার দিকে নৌকাটি যখন নদীর মাঝপথে অবস্থান করছিল, তখন ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। আকস্মিক এই ঘটনায় নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষ পর্যন্ত নৌকার মধ্যেই তিনি যমজ সন্তানের জন্ম দেন; প্রথমে একটি ছেলে এবং পরবর্তীতে একটি মেয়ের জন্ম হয়।

জানা গেছে, ওই প্রসূতির স্বামীর নাম মনোয়ার হোসেন। তিনি জিগাবাড়ী গ্রামের তৈয়ব আলীর পুত্র।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মনোয়ার হোসেন বলেন, “অসুস্থ স্ত্রীকে নিয়ে নৌকায় যাওয়ার পথে হঠাৎ তার প্রসবব্যথা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাই। পরে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। আল্লাহর রহমতে সুস্থ সন্তানদের মুখ দেখতে পেরেছি।”

নৌকায় উপস্থিত ছিলেন এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বী। তিনি জানান, হঠাৎ ওই নারীর প্রসবব্যথা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়।

এই বিষয়ে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, “মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি জেনেছি। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।”