গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ছয়জনসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে নাম উল্লেখ করা হয়েছে।
ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শনিবার রাতে এ অভিযোগটি দায়ের করেন। তিনি দাবি করেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তারা বিভিন্ন সময়ে ফেসবুকে তারেক রহমানকে ব্যঙ্গ করে ছবি ও পোস্ট প্রকাশ এবং আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মাহমুদুল হাসান আরও জানান, গত ১১ আগস্ট এ ধরনের পোস্ট না দেওয়ার জন্য অনুরোধ করা হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকসহ দলীয় নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।