গাইবান্ধায় নেশার টাকার বিনিময়ে নিজের ১১ মাস বয়সী কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার পরও দুই মাস পর তা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ডিবি পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকার নানার বাড়ি থেকে দুধ কিনে দেওয়ার কথা বলে ১১ মাস বয়সী কন্যা সন্তান জান্নাতকে নিয়ে বের হন তার বাবা হামিদুল। এরপর থেকে সন্তান ও বাবার কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি।
পরবর্তীতে জানা যায়, নেশার টাকা জোগাড় করতে হামিদুল তার একমাত্র কন্যা সন্তানকে ৩০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত হয়ে শিশুটির মা রুমানা আক্তার লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর অনুসন্ধানে নামে ডিবি পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে ফুলছড়ির মদনেরপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয়সহ ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হবে।