দীর্ঘদিন ধরে ভারতীয় সংবাদমাধ্যমে মোহাম্মদ আমিরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। তবে সম্প্রতি সেই সব গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের এই সাবেক বাঁহাতি পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আমির স্পষ্ট জানিয়েছেন যে, আইপিএলে তাঁর অংশগ্রহণ সংক্রান্ত ছড়িয়ে পড়া খবরগুলো সত্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আমির লিখেছেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’ এছাড়া ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকেও তিনি নিশ্চিত করেছেন যে, আইপিএলের আসন্ন নিলামে তিনি নিজের নাম নিবন্ধন করবেন না।
মূলত আমির ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকেই তাঁর আইপিএলে খেলার সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিশেষ করে ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) তাঁর নাম নিবন্ধন করায় এই গুঞ্জন আরও জোরালো হয়। তবে নিজের বক্তব্যে আমির পরিষ্কার করে দিয়েছেন যে, আপাতত আইপিএলে খেলার কোনো পরিকল্পনা তাঁর নেই।
গত মে মাসে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার মাধ্যমে আমির ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেন। এই নতুন নাগরিকত্বের ফলে বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলে তাঁর অংশগ্রহণের পথ প্রশস্ত হতে পারে বলে মনে করা হচ্ছিল। এর আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ ইংল্যান্ডের নাগরিক হিসেবে আইপিএলে খেলেছিলেন। পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মেহমুদ।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রথম আইপিএল আসরে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। শোয়েব আখতার ও সোহেল তানভীররা সেই আসরে ব্যাপক আলো ছড়িয়েছিলেন। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরিতার কারণে এরপর থেকে আর কোনো পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পাননি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো বেশ সক্রিয় মোহাম্মদ আমির। বিশ্বের বিভিন্ন টি-টুয়েন্টি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন এই অভিজ্ঞ পেসার। পাকিস্তানের হয়ে তিনি ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৬২টি টি-টুয়েন্টি ম্যাচে খেলেছেন। গতি ও সুইংয়ের পাশাপাশি চাপের মুখে কার্যকর বোলিং করার অসাধারণ সামর্থ্যের জন্যই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বিশেষ পরিচিতি পেয়েছিলেন।