বাজারে বিদ্যমান অস্থিরতার মাঝে আবারও মূল্যবৃদ্ধি পেল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে।
বিইআরসি সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, রাত ৮টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।
ফলে মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে নতুন নির্ধারিত দামেই বিক্রি হবে এলপিজি সিলিন্ডার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামেও পরিবর্তন আনা হয়েছে। অটোগ্যাসের প্রতি লিটারের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। একই সাথে অটোগ্যাস বিক্রেতাদের জন্য নির্ধারিত কমিশনের পরিমাণও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই দেশের এলপিজি বাজারে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে আমদানিকারকেরা বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছিলেন। এর ফলে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত দাম থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে শুরু করে।