মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ট্রাক টার্মিনালের পাশে একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ট্রাক টার্মিনালের পূর্ব পাশের বাউন্ডারি ওয়ালের পেছনের ড্রেনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্য থেকে এটি একটি হতে পারে। তবে কে বা কারা এই অস্ত্রটি ড্রেনে ফেলে গেছে, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

উদ্ধার অভিযান সম্পর্কে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়। এ সময় ড্রেনের ভেতর পড়ে থাকা অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত এই ধরনের অস্ত্র সাধারণত পুলিশ বাহিনী ব্যবহার করে থাকে। তবে এটি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত কোনো অস্ত্র কি না, তা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

ওসি আরও জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।