সাভারের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ চলাকালীন ছোড়া ইটের আঘাতে নুরুজ্জামান সামি নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে।

গত সোমবার (২ নভেম্বর) সাভারের আশুলিয়া এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থী নুরুজ্জামান সামি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র। তার স্থায়ী ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের পাইনশাইল গ্রামে।

আহত শিক্ষার্থীর বাবা ইউসুফ রানা মুক্তকণ্ঠকে জানান, সোমবার সকালে তার ছেলে সামি যথাসময়ে স্কুলে গিয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ছুটি হলেও শ্রমিক অসন্তোষের কারণে শিক্ষার্থীদের স্কুলের ভেতরেই আটকে রাখা হয়। পরবর্তীতে তার চাচা রফিকুল ইসলাম সামিকে সঙ্গে নিয়ে স্কুল থেকে বের হন এবং তারা শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। সেই সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে নুরুজ্জামান সামির মাথায় গুরুতর আঘাত লাগে।

ইউসুফ রানা আরও জানান, “পরে সামিকে উদ্ধার করে স্থানীয় নাসির উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সামির মাথার ক্ষতস্থানে চারটি সেলাই দেওয়া হয়েছে।”

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান যে, বর্তমানে সামির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে শঙ্কামুক্ত রয়েছে।