ঢাকার সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ছেলের লাঠির আঘাতে নূর মোহাম্মদ (সরকার) নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন। এই নৃশংস ঘটনার পর অভিযুক্ত ছেলে মিরাজ হোসেন লিটনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরবেলায় আশুলিয়ার কুরগাও পুরাতন পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নূর মোহাম্মদ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুরগাও পুরাতন পাড়ার ২নং গলিতে বসবাস করতেন। তিনি পেশায় একজন শরবত বিক্রেতা ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত ছেলে মিরাজ হোসেন লিটন কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক পর্যায়ে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ওই বাড়িতে চিৎকারের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। তারা দেখেন, নূর মোহাম্মদ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এরপর ঘাতক ছেলে এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে গণ স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং মিরাজকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, পারিবারিক কলহ অথবা অত্যন্ত তুচ্ছ কোনো বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে মিরাজ তার পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। তবে প্রাথমিক অবস্থায় ঘটনার বিস্তারিত সব তথ্য পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম বলেন, “আমরা বিস্তারিত জানার চেষ্টার করছি। আপাতত লাশ ও ঘাতক ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”