রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা জানিয়ে পোস্ট করেছিলেন।
আজ সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে রাজীব চন্দ্র দাস নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া, পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রাতে ঢাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, “আজ ভোরে রাজীবকে আটক করা হয়েছে। তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।”
উল্লেখ্য যে, গতকাল রোববার ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন পোশাক শ্রমিকেরা। সকাল থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই উত্তেজনার একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “গতকাল রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আরও অনেককেই আটক করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে প্রকৃত সংখ্যা বলা যাবে।”