ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ রোববার (১ নভেম্বর) পুনরায় মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এই উত্তেজনার এক পর্যায়ে তারা মহানগরীর কোনাবাড়ি এলাকায় অবস্থিত পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, রোববার সকালে শ্রমিকরা প্রথমে কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। তবে কিছু সময় পর তারা কারখানা থেকে বেরিয়ে এসে মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের এই আকস্মিক আন্দোলনের ফলে চন্দ্রা, পল্লিবিদুৎ, সফিপুর, মৌচাক, কোনাবাড়ি এবং কাশিমপুর এলাকার অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। এরপর হাজার হাজার শ্রমিক লাঠিসোঁটা হাতে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হন, যার ফলে মহাসড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের এই দাবির প্রেক্ষিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকারের এই পদক্ষেপ সত্ত্বেও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা অব্যাহত রয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। রাতে তারা মহাসড়ক ছেড়ে দিলেও আজ সকাল থেকে আবারও সেখানে অবস্থান নেন।

ঘটনা প্রসঙ্গে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, “শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে৷ তারা কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে থাকা পুলিশ বক্সে আগুন দিয়েছে।”

গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী অনন্য বাহিনীও মাঠে রয়েছে। আমরা জেলা প্রশাসক শ্রমিকদের ইস্যুটি গুরুত্বসহকারে তদারকি করছে।”