বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান ‘আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. (এপিএসসিএল)’ তাদের জনবল বৃদ্ধিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ১৫টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদে ৯০ জন কর্মী নিয়োগ করতে যাচ্ছে। পদের ধরন অনুযায়ী প্রকৌশলে স্নাতক, স্নাতকোত্তর, বিকম, ডিপ্লোমা এবং এসএসসি পাস প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগামী ২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

পদের বিস্তারিত বিবরণ, শূন্যপদ ও মূল বেতন নিম্নরূপ:

১. সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ১৫ জন (মূল বেতন: ৫২,০০০ টাকা)।
২. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১১ জন (মূল বেতন: ৫২,০০০ টাকা)।
৩. সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট): ১ জন (মূল বেতন: ৫২,০০০ টাকা)।
৪. সহকারী ব্যবস্থাপক (স্টোর): ২ জন (মূল বেতন: ৫২,০০০ টাকা)।
৫. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল): ২ জন (মূল বেতন: ৫২,০০০ টাকা)।
৬. সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট): ২ জন (মূল বেতন: ৫২,০০০ টাকা)।
৭. সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট): ২ জন (মূল বেতন: ৫২,০০০ টাকা)।
৮. সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন): ৩ জন (মূল বেতন: ৫২,০০০ টাকা)।
৯. উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ৯ জন (মূল বেতন: ৪০,০০০ টাকা)।
১০. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৩ জন (মূল বেতন: ৪০,০০০ টাকা)।
১১. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট): ৩ জন (মূল বেতন: ২০,০০০ টাকা)।
১২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর: ৮ জন (মূল বেতন: ২০,০০০ টাকা)।
১৩. ফায়ারম্যান: ৬ জন (মূল বেতন: ১৪,৫০০ টাকা)।
১৪. নিরাপত্তা প্রহরী: ১২ জন (মূল বেতন: ১৪,৫০০ টাকা)।
১৫. স্টোর হেলপার: ১ জন (মূল বেতন: ১৪,৫০০ টাকা)।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের পদ অনুযায়ী সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক, যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, বাণিজ্য বা সিএ–সংক্রান্ত ডিগ্রি, সংশ্লিষ্ট প্রযুক্তিতে ডিপ্লোমা এবং এসএসসি বা সমমানের সনদপ্রাপ্ত হতে হবে। যোগ্যতার মানদণ্ড হিসেবে সব পদে সিজিপিএ ৪.০০-এর স্কেলে সর্বনিম্ন ২.৫০ অথবা ৫.০০-এর স্কেলে ৩.৫০ (বা ২য় বিভাগ) থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা:
৩০ অক্টোবর ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিল করা হবে। বিশেষ করে নিরাপত্তা প্রহরী পদের জন্য অবসরপ্রাপ্ত সামরিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।

শারীরিক যোগ্যতা:
ফায়ারম্যান পদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। অন্যদিকে, নিরাপত্তা প্রহরী পদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ প্রয়োজন। এই পদে প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা:
নিযুক্ত কর্মীরা মূল বেতনের পাশাপাশি সংস্থার বিধি মোতাবেক বাসা ভাড়া ভাতা বা আবাসন সুবিধা, বছরে ২টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এবং পাওয়ার স্টেশন ভাতা পাবেন। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে। চাকরির প্রারম্ভিক চুক্তি ১ বছরের শিক্ষানবিশকালসহ মোট ৩ বছরের জন্য কার্যকর হবে এবং অবসর গ্রহণের বয়স হবে ৬০ বছর।

আবেদন ফি:
আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। ১ থেকে ১০ নম্বর পদের জন্য ফি ২২৩ টাকা, ১১ ও ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারিত হয়েছে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা:
আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট অথবা এপিএসসিএলের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে ২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ সময়সীমা ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।