বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা ‘রাওয়া’।

গত শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাওয়ার নেতৃবৃন্দ। সাক্ষাতের সময় তারা এই মর্মে আহ্বান জানান।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে এই কঠিন সময়ে পরিবারের করণীয় এবং তাদের কোনো বিশেষ সহায়তার প্রয়োজন আছে কি না, সে বিষয়ে খোঁজ নেন রাওয়া নেতৃবৃন্দ।

পরিবারের সঙ্গে সাক্ষাতের পর রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, ‘এ অবস্থার মধ্যে পরিবারের অনেক কিছু করার থাকলেও হয়তো করতে পারে না। আমরা তার কাছে জিজ্ঞাসা করেছি কী কী করার আছে, আমরা কী ধরনের সাহায্য করতে পারি।’

তিনি আরও জানান, ‘তাহসিফের বাবা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এটার অনুসন্ধান করছেন। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ তারা অনুসন্ধান করছে।’

সাবেক এই সেনা কর্মকর্তা তাহসিফের মৃত্যুকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের জন্য অত্যন্ত ‘কষ্টকর’ বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা আশা করি, খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদ্‌ঘাটন হবে।’

খুশরিদ আলম আরও বলেন, ‘দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছে অতি সত্বর সত্য উদ্‌ঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

একই সঙ্গে তিনি কথা দেন যে, রাওয়া তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

অন্যদিকে, আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বলেন, ‘এ ঘটনাকে আমরা ছেড়ে দেব না। আমরা দেখব, মনিটর করব কীভাবে এর বিচার হয় এবং এর ফ্যাক্ট উদ্‌ঘাটন হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খু তদন্ত চাই এবং যারা ধরা পড়বে তাদের বিচার চাই।’

উল্লেখ্য যে, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

নিহত তাহসিফ সৌরি রাজধানীর তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনের বাসিন্দা কে এম এনায়েতুল করীম হেলালের বড় ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন তাহসিফ সৌরি।