এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার বেশি। প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার ৫২ দশমিক ২৫ শতাংশ ছাত্র ফেল করেছেন। অন্যদিকে, ছাত্রীদের ফেল করার হার ৪৩ দশমিক ৬৯ শতাংশ। ফলে ছাত্রীদের তুলনায় ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার ৮ দশমিক ৫৬ শতাংশ বেশি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। বিপরীতে অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

গত বছরের তুলনায় এবার পাসের হারও কমেছে। ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর আগের বছর, ২০২৪ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। অর্থাৎ, দুই বছরের ব্যবধানে সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। পরীক্ষা-সংশ্লিষ্ট কার্যক্রমের অংশ হিসেবে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ করা হয়। এরপর থেকেই ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ রয়েছে।

বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে। প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশের জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

এবার এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার নম্বরও পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।