পঞ্চগড় শহরের দরিদ্র মুসাফির, ভিক্ষুক এবং অসহায় পথচারীদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে চালু হয়েছে এক অনন্য উদ্যোগ ‘মেহমানখানা’। প্রতি শুক্রবার দুপুরে বিনামূল্যে খাবার বিতরণের এই মানবিক কার্যক্রমটি শুরু করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার একদল সহৃদয় মানুষ। তাদের পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচির দায়িত্ব পালনে প্রত্যেকে বছরে এক দিন করে অবদান রাখবেন। এই প্রক্রিয়ায় বছরের ৫২ সপ্তাহই নিরবচ্ছিন্নভাবে চলবে মেহমানখানার কার্যক্রম।

গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের পৌর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে উপস্থিত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫২ জনের সক্রিয় অংশগ্রহণে এই কার্যক্রমের সূচনা করা হয়েছে। তবে ভবিষ্যতে আরও বিত্তবান ও মানবিক মানুষ এই উদ্যোগের সাথে যুক্ত হলে কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের।

পুরো উদ্যোগটি পরিচালিত হবে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র্য কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে। উদ্যোক্তাদের প্রত্যাশা, সমাজের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এই ‘মেহমানখানা’র উদ্যোগটি অন্যদেরও বিভিন্ন মানবিক কাজে উৎসাহিত ও উদ্বুদ্ধ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান, আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক ও হারুন অর রশিদসহ অন্যান্য উদ্যোক্তারা।