রাজশাহীর আলোর পাঠশালার শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিতির হার বৃদ্ধি পাওয়ায় তাদের পুনরায় নিয়মিত স্কুলে ফিরিয়ে আনতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনীহা দূর করতে, ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে সাহায্য করতে এবং শিক্ষার গুরুত্ব উপলব্ধি করাতে শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে সরাসরি যোগাযোগ করছেন।

এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা শুধুমাত্র শিক্ষার্থীদের সাথেই কথা বলছেন না, বরং তাদের অভিভাবকদের সাথেও মতবিনিময় করছেন। শিক্ষার্থীরা কেন নিয়মিত বিদ্যালয়ে আসছে না, তাদের পড়াশোনার পথে দারিদ্র্য, পারিবারিক সমস্যা বা অন্য কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছেন তারা। বর্তমানের সামান্য উদাসীনতা যেন তাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের পথে বাঁধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা হচ্ছে। শিক্ষকদের এই আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের মধ্যে আবার স্কুলে ফেরার নতুন উদ্দীপনা ও আগ্রহ দেখা যাচ্ছে। অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসা ও নতুন করে পড়াশোনা শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছে।

এ বিষয়ে রাজশাহী আলোর পাঠশালার সহকারী প্রধান শিক্ষক মো: রহমত আলী জানান, "শিক্ষকদের দায়িত্ব কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের জীবনযাত্রার নানা প্রতিকূলতায় তাঁদের পাশে দাঁড়ানোও শিক্ষারই একটি অংশ। কোনো শিক্ষার্থী যেন আর্থিক অনটন বা অন্য কোনো পারিবারিক সমস্যার কারণে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই এই বাড়ি বাড়ি যাওয়ার উদ্যোগ।" শিক্ষকদের এই প্রশংসনীয় উদ্যোগের ফলে রাজশাহী আলোর পাঠশালার অনেক শিক্ষার্থীই ঝরে পড়া থেকে রক্ষা পেয়ে আবারও আলোর মুখ দেখছে এবং তাদের রঙিন ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করেছে।