শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে রাজশাহী আলোর পাঠশালায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।

‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রতিরোধ সচেতনতা ও স্বাস্থ্য অধিকারে সোচ্চার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত ক্যাম্পেইনটি পরিচালিত হয়। কর্মসূচিটি বাস্তবায়নে যৌথভাবে কাজ করেছে ‘অপরাজেয় তারুণ্য (UYP)’, ‘RHSTEP’ এবং স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘বাঁধন’।

এই বিশেষ ক্যাম্পেইনে রাজশাহী আলোর পাঠশালার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করে। নির্ধারিত নিবন্ধনের পর শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তচাপ পরীক্ষার মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

পুরো কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীদের উচ্চতা ও বয়সের সাথে শরীরের ওজনের সামঞ্জস্যতা এবং রক্তের সঠিক গ্রুপ জানার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কেও তাদের সচেতন করা হয়। বিশেষ করে, জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা থাকলে তা জীবন বাঁচাতে কীভাবে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে বোঝানো হয়।

সংশ্লিষ্টদের মতে, আয়োজকদের এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা তৈরি এবং নিজেদের শারীরিক সুস্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের একটি চমৎকার সুযোগ সৃষ্টি করেছে। এ ধরনের কল্যাণমুখী উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি তাদের স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।