চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার করিম বাগান এলাকায় অবসরপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. গোলাম মোস্তফা মজুমদারের চেম্বারে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা অসচ্ছল রোগীদের জন্য সেখানে বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে রোগীদের শারীরিক ও মানসিক দুঃখ লাঘবে সহায়তা করছেন তিনি।

প্রফেসর ডা. গোলাম মোস্তফা মজুমদার চাঁদপুর মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। অবসর গ্রহণের পর তিনি বর্তমানে হাজীগঞ্জে নিজের চেম্বারে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। তার এই উদ্যোগ শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রয়োজন অনুযায়ী ওষুধ ও ফলমূল কেনার জন্যও তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।

চেম্বারে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য আগে খাবার পরিবেশন করা হয়, এরপর তাদের দেওয়া হয় প্রয়োজনীয় চিকিৎসাসেবা। এই পদ্ধতিতে রোগীরা চিকিৎসা নেওয়ার পাশাপাশি ক্ষুধার কষ্ট থেকেও মুক্তি পান। স্থানীয় ও দূরবর্তী এলাকা থেকে আসা অনেক রোগী এই উদ্যোগে উপকৃত হচ্ছেন এবং ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

এ বিষয়ে প্রফেসর ডা. গোলাম মোস্তফা মজুমদার বলেন, "ছোটবেলায় আমি নিজেও ক্ষুধার কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা থেকেই মনে হয়েছে, চিকিৎসা নিতে আসা মানুষের অন্তত ক্ষুধার কষ্টটা কিছুটা লাঘব করা উচিত। তাই সামর্থ্য অনুযায়ী রোগীদের খাবার, ওষুধ ও ফলমূলের জন্য সহযোগিতা করছি।"

স্থানীয়রা জানান, ডাক্টরের এমন উদ্যোগ রোগীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। বিশেষ করে অসচ্ছল রোগীরা যখন চিকিৎসার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় সহযোগিতা পান, তখন তারা আর্থিক ও মানসিকভাবে অনেকটা স্বস্তি বোধ করেন। তারা আরও জানান, এমন উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

চিকিৎসাসেবার সঙ্গে মানবিকতার এই সমন্বয় স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। একটি মানুষের ব্যক্তিগত কষ্ট ও অভিজ্ঞতা যে অন্যের মুখে হাসি ফোটানোর অনুপ্রেরণা হতে পারে, ডা. গোলাম মোস্তফা মজুমদারের এই উদ্যোগ তারই একটি অনন্য উদাহরণ।