ফুটবল মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি বা তর্কবিতর্ক কোনো নতুন বিষয় নয়। খেলার উত্তেজনায় অনেক ফুটবলারকেই দেখা যায় মুখের ওপর হাত রেখে কথা বলতে। তবে এই সাধারণ অভ্যাসটিই এবার বড় ধরনের বিপদের মুখে ঠেলে দিয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলার কারণে কঠোর শাস্তির মুখোমুখি হয়েছেন তিনি।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে বাহিয়ার বিপক্ষে খেলার সময় ‘ভিনি জুনিয়র প্রটোকল’ লঙ্ঘনের দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। আজ অনুষ্ঠিত এক শুনানির পর সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমারের ক্লাব সান্তোসের।

পুরো ঘটনাটি ঘটেছিল ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচে। দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। সেই তর্কের এক পর্যায়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলতে দেখা যায় সান্তোসের এই তারকাকে। ‘ভিনি জুনিয়র আইন’ হিসেবে পরিচিত বিশেষ নিয়মের আওতায় এই আচরণের জন্য রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান।

লাল কার্ড পাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, কার্ড দেখার পরও শান্ত হননি নেইমার। বরং তিনি রদ্রিগো নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান, যা মাঠে আরও উত্তেজনা সৃষ্টি করে। এই ঘটনার প্রেক্ষিতে নেইমারের বিরুদ্ধে ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় অভিযোগ আনা হয়। এই ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। শৃঙ্খলা কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, নেইমারের এই আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে নির্ধারিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’–এর ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে। মূলত বর্ণবাদী মন্তব্য কিংবা কোনো আপত্তিকর কথা আড়াল করার উদ্দেশ্যে মুখ ঢেকে কথা বলার প্রবণতা বন্ধ করতেই এই নিয়ম চালু করা হয়েছে।

আগের কার্ডের হিসাব মিলিয়ে নেইমারের জন্য এই শাস্তি আরও দীর্ঘায়িত হয়েছে। সরাসরি লাল কার্ড পাওয়ার কারণে তাঁর এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ছিল। নতুন করে দেওয়া দুই ম্যাচের শাস্তির ফলে সেই নিষেধাজ্ঞার বাইরে আরও একটি ম্যাচ তিনি খেলতে পারবেন না। সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিনটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে।

এই নিষেধাজ্ঞার ফলে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরেও এক রাউন্ডের ম্যাচ তিনি মিস করবেন। তবে লিগের শেষ তিন রাউন্ডে নেইমারকে পুনরায় দলে পাবেন বলে আশা করছেন সান্তোস কোচ কুকার।